নারায়ণগঞ্জের ফতুল্লায় জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প বিক্রয় ও ভুয়া নিকাহ করানোর অপরাধে ভুয়া কাজীসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সরকারি জাল রাজস্ব স্ট্যাম্প এবং ৬ টি নিকাহ ও তালাক রেজিস্টার জব্দ করে র্যাব।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা চাঁনমারি এলাকায় হাজী জালাল ম্যানশন মার্কেটের ৫টি ফটোকপি দোকানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলো, মো. ইসমাইল (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮), মো. চঞ্চল হোসেন (২৮) ও মো. কবির হোসেন(৪০)।
বুধবার রাতে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, তারা দীর্ঘদিন যাবৎ ফটোকপির দোকানে নারায়ণগঞ্জে জর্জ কোর্টের অ্যাডভোকেটদের ব্যবহৃত ওকালতনামায় জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে বিক্রয় করে আসছে। এছাড়াও এই জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প গুলো জামিননামা ও পিটিশনেও ব্যবহার হয়ে থাকে। তারা এই জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প ক্রয়-বিক্রয় করে প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকার সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।
র্যাব-১১-এর অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়ে ফতুল্লার হাজী জালাল ম্যানশন মার্কেটের ৫টি ফটোকপি দোকানে অভিযান চালিয়ে জাল সরকারি রাজস্ব স্ট্যাম্পসহ তাদেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বার্তা বাজার/এসজে