ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রাজনৈতিক প্রতিহিংসার জেরে ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইনামুল হাসান এক সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় গোপালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। সম্মেলনে লিখিত বক্তব্যপাঠ করেন ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান।

লিখিত বক্তব্যে তিনি জানান, ‘গত মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আমার বড় ভাই মাহবুব আলম গোপালপুর বাজারের প্রবেশদ্বারে সম্প্রদ্বীপের সেলুনে ব্যক্তিগত কাজ শেষ করে বসেছিল। এমতাবস্থায় কামারগ্রাম নিবাসী হাসমত আলী কাজলের নেতৃত্বে রমিম, আলাউদ্দিন, আলী, ছলেমান হোসেন, সাকাওয়াত, কলমদার ও জুয়েল সহ প্রায় দুই শতাধিক লোকজন আমার ভাইয়ের ওপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে এবং সেলুনটি ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। মারপিটের একপর্যায়ে ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার ইব্রাহিম শেখ কলম এগিয়ে এসে তাকে (মাহবুব আলম) উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে প্রতিপক্ষ তাদের নিজেদের বাড়িঘর ভাঙচুর চালায়। যাতে আমি সামাজিক ও প্রশাসনিকভাবে হেনস্থা হই।’

তিনি আরো বলেন, নৌকা প্রতীক নিয়ে গত ইউনিয়ন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করি। সরকারের উন্নয়নমূলক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সরকার বিরোধী একটি কুচক্রীমহল আমার এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে ইতোপূর্বে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আসছে।

এসময় ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রতিপক্ষ হাসমত হোসেন কাজল মুঠোফোনে জানান, ‘এসব কিছু ঘটেনি। সে ভয় পেয়ে পড়ে গেছে।’

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর