ডাকাত ও খুনি সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় ডাকাত ও খুনি সন্দেহে দু’জন গণপিটুনিতে নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।
নিহতরা হলেন পেকুয়া উপজেলার উত্তরের ঝুম এলাকার নাগু মিয়ার ছেলে জামাল হোসেন (৩৫) ও নেজাম উদ্দিনের ছেলে মো. কাইছার (২৮)। আহত হয়েছেন নুরুল ইসলামের ছেলে মো. নাসির (২৬)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শিলখালীর পাহাড়ি অঞ্চল সাপের ঘারা ও উত্তরের ঝুম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সকাল ১১টার সময় নিহতের লাশ উদ্ধার করে।

পেকুয়া থানার ওসি মো. কামরুল আজম জানান, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের হেফাজতে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তেরর জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সাপেরঘারা এলাকায় মালয়েশিয়া প্রবাসী নুরুন নবীর বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র লোক। তাদের ছোড়া গুলিতে প্রাণ হারান নুরুন নবী। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন তার ভাই মোজাম্মেল ও মা হাজেরা বেগম। আহতরা বেশ কয়েকজন হামলাকারীকে চিনে ফেলেন।

তাদের দেওয়া তথ্যমতে বুধবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী সাপেরঘারা ও এর পার্শ্ববর্তী এলাকার পাঁচটি ঘর ঘেরাও করে। সেখান থেকে ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত সন্দেহে জামাল উদ্দিন, মো. কাইছার ও নাসির হোসেনকে ধরে নিয়ে গণপিটুনি দেয় তারা। এতে ঘটনাস্থলে মারা যায় জামাল উদ্দিন ও মো. কাইছার। অপর একজনকে আহতাবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর