দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উদ্বোধন করা হয়েছে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতালের সামনে এই ভ্রাম্যমাণ ক্লিনিক এর উদ্বোধন করেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাসসহ প্রমুখ।
উপাচার্য ও রেজিস্ট্রারের নেতৃত্বে ভেটেরিনারি সার্জনদের একটি দক্ষ দল ভ্রাম্যমাণ এই ক্লিনিক উদ্বোধন করার পর পরীক্ষামূলকভাবে দিনাজপুরের রামডুবির বীরগা গ্রামের ফুলবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃষক আনিছুর রহমানের একটি গরুর ঝংকা (আপওয়ার্ড প্যাটেলার ফিক্সেশন) রোগের অপারেশন করাসহ মোট ৩টি গুরুর বিভিন্ন রোগের সফল অপারেশন করেন।
জীবনের প্রথম গরুর এমন অপারেশন দেখে কৃষক আনিছুর রহমান বলেন, ‘এটি একটি মহৎ উদ্যোগ, আমি অবিভূত। এ ধরণের কিছু হবে বা এটা যে সম্ভব তা কখনো ভাবিনি। এজন্য হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ও ভিসি স্যার এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
একই অনুভূতি প্রকাশ করেছেন অন্যান্য কৃষকরা ও খামারিরাও।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে আমি বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছিলাম এটি তার মধ্যে অন্যতম সেরা অবদান। ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক (বিশেষায়িত অ্যাম্বুলেন্স) একটি নতুন ধারণা, এখানে সার্জারির ব্যবস্থাসহ উন্নত সেবা প্রদানের সকল সুযোগ সুবিধা রয়েছে। এটি কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে অসুস্থ্য পশু পাখির চিকিৎসা সেবা প্রদান করবে। উদ্বোধন এর পরই এর কার্যক্রম আপনারা স্বচক্ষে দেখতে পারলেন।’
বার্তা বাজার/এসজে