সড়ক সংস্কার কাজে অনিয়মের অভি্যোগ

লক্ষ্মীপুর সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় দেড় কোটি টাকার একটি সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার মান্দারী-দত্তপাড়া সড়কের সাড়ে ৫ কিলোমিটার উন্নয়ন কাজে নিম্নমানের ও মেশিনে ভাঙা ইট-খোয়া ব্যবহার করা হচ্ছে।

সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠান সরকারি অর্থ আত্মসাত করতে এমন অনিয়ম করছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে সড়কটির উন্নয়নে অনিয়ম ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এলজিইডি কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে দত্তপাড়া বাজার পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটারের একটি সড়কে সংস্কার কাজ শুরু হয়। কিন্তু সংস্কারকাজে চরম অনিয়ম আর অবহেলার কারনে যতটুকু কাজ করা হয়েছে ওই অংশে রোলার চাপায় ইট-খোয়া ধুলাবালিতে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক উন্নয়ন কাজে অনিয়ম করছে অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা দেখেও না দেখার ভান করছে। যেকারণে এ অনিয়মে এলজিইডি প্রকৌশলীর যোগসাজস রয়েছে বলেও মনে করেন তারা।

দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির রিপন বলেন, স্থানীয়দের অভিযোগ পেয়ে আমি সড়কটি পরিদর্শন করে অনিয়মের সত্যতা পেয়েছি। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও উন্নয়ন কাজটির তত্ত্বাবধায়ক মো. মঞ্জুরুল আলম জানান, টেন্ডারের মাধ্যমে রিপন অ্যান্ড ব্রাদার্স এ কাজটি পায়। আগামী জুলাই মাসের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান রিপন অ্যান্ড ব্রাদার্সের সত্ত্বাধিকারী মো. সেলিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, যথাযথ মান বজায় রেখে সড়কটির উন্নয়ন কাজ করা হচ্ছে। এলজিইডির প্রকৌশলী প্রতিনিয়তই এই কাজটি তদারকি করছেন।

এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, মান্দারী-দত্তপাড়া সড়ক উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে কাজটি স্থগিত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যথাযথ মান রক্ষা করে সড়কটির উন্নয়ন কাজ সম্পূর্ণ করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর