তিতাসের অভিযানে ১২শত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকার সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) আশুলিয়ার পশ্চিম ঘোষবাগ এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে আনুমানিক ১২শত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক দেড় কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা সহ অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলিও খুলে জব্দ করা হয়।

    অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস (জোবিঅ) এর উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক ইদ্রিস আলী প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের শ্রমিকগণ।

    অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘আজ সকাল থেকে শুরু হওয়া আমাদের নিয়মিত অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সাভারের আশুলিয়ার পশ্চিম ঘোষবাগ এলাকায় অভিযান পরিচালিত করেছি। এখানে অবৈধ সংযোগকারীরা আমাদের বৈধ বিতরণ লাইন থেকে ২ ইঞ্চি ও ১ ইঞ্চি লাইনের মাধ্যমে অনেক দীর্ঘ সংযোগ নিয়েছে। আমরা আজ এই সম্পূর্ণ অবৈধ লাইন উচ্ছেদের চেষ্টা করেছি। তাতে আনুমানিক দেড় কিলোমিটার লাইন বিচ্ছিন্ন হয়েছে। এতে প্রায় ১২শত বাসাবাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

    তিনি জানান, এই এলাকায় ইতোপূর্বে আমরা কয়েকবার উচ্ছেদ অভিযান চালিয়েছি। যারা এসব অবৈধ সংযোগ প্রদান করেছে, তাদের ব্যাপারে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি। বাংলাদেশ গ্যাস আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

    প্রসঙ্গত, অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলো।

    এদিকে, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এই এলাকায় অবৈধ গ্যাস ব্যবহার করার দায়ে বাংলাদেশ গ্যাস আইনে তিনজনকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করেন।

    বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর