ছিনতাই ও জোরপূর্বক ধূমপান করানোর অপরাধে দুইজনের কারাদন্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ছিনতাইকারীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বুধবার সকালে তাদেরকে এ দন্ড দেয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার বাচ্চু মিয়ার ছেলে তানজিল আহম্মেদ রানা ও মাহমুদাবাদ এলাকার জাহিদের ছেলে ওবায়দুল মিয়া।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, মঙ্গলবার বিকেলে ডেমরা বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী সামসুদ্দিন, সৌমিক ও শাকিল (মুড়াপাড়া জমিদার বাড়ি) বর্তমান সরকারি মুড়াপাড়া কলেজে ঘুরতে আসে। কলেজের ক্যান্টিনে খাবার কিনতে গেলে ছিনতাইকারী তানজিল আহম্মেদ রানা ও ওবায়দুল মিয়া ওই শিক্ষার্থীদের জিম্মী করে মোবাইল ও টাকা ছিনতাই করে এবং তাদেরকে জোরপূর্বক ধুমপান করায়।

পরে তিন শিক্ষার্থী রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের কাছে অভিযোগ দেন। পরে তিনি রূপগঞ্জ থানা পুলিশকে পাঠিয়ে তাদের আটক করে আনে। বুধবার সকালে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দন্ডবিধি ১৮৬০ এর ৩৬৫ ধারা অনুযায়ী তাদেরকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের জেলা হাজতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর