বেলুনের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আহত ৫

বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন আহত হয়েছে। সিলিন্ডার বিষ্ফোরণের আঘাতে আরও ৭টি ছাগল মারা গেছে। বিষ্ফোরণে ৫টি ঘরসহ আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে যায়। বগুড়ার ধুনট উপজেলায় এমন ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হন, উপজেলার চিকাশি ইউনিয়নের ঝিনাই গ্রামের আব্দুল্লাহর ছেলে আসাদুর রহমান (৩০), তার মা ছানোয়ারা খাতুন (৫৫), ফদির উদ্দিনের ছেলে সোহাগ উদ্দিন (২৫), ফজলুল হকের ছেলে মিজানুর রহমান (২২) ও আবুল কালামের ছেলে নজরুল ইসলাম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলায় বুধবার শুরু হয় ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। এই মেলা উপলক্ষে মঙ্গলবার রাতে ধুনট উপজেলার ঝিনাই গ্রামের আসাদুর রহমান তার বাড়ির আঙ্গিনায় শিশুদের খেলনা বেলুনে গ্যাস ভরানোর গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন হয়। বিস্ফোরণে ৫ জন আহত হয়। বিস্ফোরিত সিলেন্ডারের আঘাতে ঘটনাস্থলেই ৭টি ছাগল মারা যায়। এ সময় ওই বাড়ির ৫টি ঘরসহ আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আহত ব্যক্তিদের শরীরের প্রায় ৫০ শতাংশ ক্ষতবিক্ষত হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে। বেলুনে ভরানোর জন্য নিরাপদ হিলিয়ামের পরিবর্তে নিষিদ্ধ হাইড্রোজেন ব্যবহারের কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর