সরকার সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে: ফখরুল

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জামিন পাওয়ার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বিএনপি চেয়ারপানসনকে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১২ ফেব্রয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, সরকার সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যার জন্য কারাগারে আটকে রেখেছে। আমরা তাকে বাঁচাতে চাই। তার মুক্তির জন্য সাংবিধানিকভাবে যতরকমের চেষ্টা করার আমরা সবই করছি। আইনগতভাবেও যতরকম পথ আছে সবরকম চেষ্টা করে যাচ্ছি। তবে এটা আইনের মধ্যে নেই। সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে তার মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিএনপির এ নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এখন সরকারের হাতে। এখন পুরো ইচ্ছেটাই সরকারের হাতে। অন্যায়ভাবে তাকে গ্রেফতারের জন্য সরকারই দায়ী। এ ধরনের মামলায় সাত দিনের মধ্যে জামিন হওয়ার কথা। সাধারণ নাগরিকও সাত দিনে জামিন পান। কিন্তু উনাকে দু’বছর ধরে আটকে রাখা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে থেকে প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে বিএনপি। একই সময়ে সারাদেশেও বিক্ষোভের আয়োজন করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর