আসামের জাতীয় নাগরিক নিবন্ধকের (এনআরসি) ওয়েবসাইট (www. nrcassam.nic.in) থেকে উধাও হয়ে গেছে নাগরিক তালিকা। এনআরসি সম্পন্ন হওয়ার পর এ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জনসাধারণের কাছে প্রকাশ করা বাধ্যতামূলক বলে নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট।
ভারতে জাতীয় নাগরিক নিবন্ধন তালিকা (এনআরসি) প্রকাশের পর থেকেই নানা সমালোচনার শিকার হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার।বুধবার ভারতীয় সম্প্রচার মাধ্যম ‘এনডিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
গত বছর ৩১ আগস্ট ওই ওয়েবসাইটে ওই বিশদ তথ্য প্রকাশ করা হয়েছিল। কিন্তু এখন আর ওই ওয়েবসাইটে নাগরিক তালিকার তথ্য পাওয়া যাচ্ছে না।
এনআরসি কর্তৃপক্ষ জানিয়েছে, আসামে এনআরসির দায়িত্বে থাকা উইপ্রো আইটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়নি বলে এই সমস্যা হয়েছে।
এনআরসির রাজ্য সমন্বয়ক হিতেশ দেবশর্মা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বিপুল পরিমাণ এই তথ্যের জন্য ক্লাউড পরিষেবা সরবরাহ করেছিল উইপ্রো। তাদের চুক্তি ছিল গত বছরের ১৯ অক্টোবর পর্যন্ত। তবে এই চুক্তি আগের দায়িত্বরত কর্মকর্তা নবায়ন করেনি। তাই ১৫ ডিসেম্বর থেকে সব তথ্য অফলাইন হয়ে গেছে উইপ্রোর নিয়মে। আমি ২৪ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেছি।’
তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এনআরসি’র তথ্য নিরাপদেই আছে। ক্লাউড ভিজিবিলিটির ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এমন হয়েছে। শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে।
বার্তাবাজার/এমকে