প্রবাস থেকে ফিরে বাড়ির পথেই সব হারালেন এক রেমিট্যান্স যোদ্ধা

দীর্ঘদিন মালয়েশিয়ায় চাকরি করে দেশে ফেরার দিনই অজ্ঞান পার্টির পাল্লায় পরে সাথে থাকা সব সম্পদ হারিয়ছেন ফয়েজ উল্লাহ মুরাদ (২২)। ফয়েজ উল্লাহ কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের কাজীর জোড়পুকুরিয়া গ্রামের মাওলানা আলী হোসেনের ছেলে।

ফয়েজ উল্লাহ বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ভোরে নেমে সকাল ৭টায় আল বারাকার একটি বাসযোগে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় তার পাশের সিটে বসা ৪৫ বছর বয়স্ক একজন অপরিচিত লোকের সাথে তার সখ্যতা গড়ে উঠে। ওই অজ্ঞাতব্যক্তি ওমান থেকে ফিরেছেন বলে জানান। দুপুর ১২টার দিকে বাসটি লাকসাম বাইপাস হাউজিং এস্টেট মসজিদের সামনে থামলে দুজনই মালামাল সহ বাস থেকে নামে। লোকটি মুরাদকে ফ্রেশ হয়ে আসতে বলে। সরল বিশ্বাসে মুরাদ ফ্রেশ হতে গেলে প্রতারক লোকটি তার মালামালের ব্যাগ ও হ্যান্ডব্যাগ নিয়ে পালিয়ে যায়।

মুরাদের ব্যাগে তখন ১ লাখ ২০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, অন্যান্য মালামাল ও ভিসা, এবং পাসপোর্ট ছিল।

প্রবাসী ফয়েজ উল্লাহ মুরাদ জানান, তিনি বিয়ে করার উদ্দেশ্যে ৪৫ দিনের ছুটি নিয়ে দেশে ফিরেন। কিন্তু ভিসা, পাসপোর্ট, টিকেট, নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল হারিয়ে তিনি নিঃস্ব। এ বিষয়ে তিনি মসজিদের ভিডিও ফুটেজ সংগ্রহ করে থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর