সকল বয়স্কই ২০২৫ সালের মধ্যে পাবে বয়স্কভাতা : সংসদে মন্ত্রী

প্রতিবছর শতকরা ১০ভাগ হারে ভাতা ভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে এবং ২০২৫ সালের মধ্যে ৬৫ বছরের পুরুষ ও ৬২ বছরের সকল বয়স্ক নারীকে বয়স্ক ভাতা দেয়া হবে। বর্তমানে ৪৪ লাখ ব্যক্তিকে বয়স্ক ভাতা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মীর মোস্তাক আহমেদ রবির এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে একথা জানান।

মন্ত্রী আরো বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে চলতি অর্থ বছরে ৫ হাজার ৬৯৭ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা,বয়স্ক ভাতা, হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, বেদে জনগোষ্ঠী, চা শ্রমিকের জীবন মান উন্নয়ন, ক্যান্সার রোগীসহ বিভিন্ন রোগীদের জন্য চিকিৎসা ভাতা প্রদান করার লক্ষ্যে দেশব্যাপী সরকার ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে।

সাংসদ নূর মোহাম্মদের অপর এক প্রশ্নের জবাবে নুরুজ্জামান বলেন, বর্তমানে ৪৪টি জেলায় ৬২টি বেসরকারি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে এবং এ সব বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা সরকার বহন করছে। এছাড়া দেশের সব উপজেলায় একটি করে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন হবে ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর