বাঙালির বারো মাসে ১৩ পার্বণ। প্রতিটি ঋতু স্বমহিমায় আমাদের বাঙালি সংস্কৃতির সাথে জড়িয় আছে ওতপ্রোতভাবে। আর এই শীত ঋতুর সাথে পিঠা পায়েস পুলি নাড়ুর কথা সামনে এসে পড়ে।
নগর জীবনের প্রভাবে আজ আমরা ভুলতে বসেছি গ্রামীণ এই ঐতিহ্যকে।
আর আমাদের এই অতীত ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজন করেছে পিঠা উৎসব-১৪২৬। দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে একদিনের জন্য ৩৭টি স্টলে বিভিন্ন প্রকার পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। এ সময় তিনি বলেন, ‘আমাদের সন্তানেরা আধুনিকতার নামে ফাষ্টফুডে অভ্যস্ত হয়ে পড়ছে।

অথচ বাড়িতে তৈরী এসব পিঠা একদিকে যেমন সাশ্রয়ী, অন্যদিকে স্বাস্থ্যসম্মত। আমাদের আগামী প্রজন্মের কাছে ঐতিহ্যকে তুলে ধারার এই প্রয়াশ অব্যাহত থাকবে।’ এই পিঠা মেলায় দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০টি স্টল অংশগ্রহণ করছে। মেলায় শোভা পাচ্ছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী সব পিঠা। এর মধ্যে রয়েছে পুয়া পিঠা, চুষি পিঠা, চিকেন নাগেট, গোলাপ পিঠা, নারিকেল পুলি, পাকোয়ান পিঠা, দুধ চিতই ও নুনিয়া পিঠা সহ হরেক রকমের পিঠা। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে এই পিঠা উৎসব।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল ইসলাম, দিনাজপুর লেডিস ক্লাবের সভানেত্রী ফারজানা সুলতানা প্রমুখ।
বার্তাবাজার/কেএ