টানা আন্দোলনে অচল বশেমুরবিপ্রবি

ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে শিক্ষার্থীদের টানা ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচিতে অচল হয়ে পড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আন্দোলনকারীরা ভবন তালাবদ্ধ করে রাখে। এর ফলে টানা তিনদিন ধরে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

এছাড়াও দ্রুত দাবি আদায়ের লক্ষ্যে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি এবং দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিলের করে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান জানান, “আমরা ইতিহাস বিভাগের দাবির বিষয়ে আন্তরিক। কিন্তু একাডেমিক কাউন্সিলের সভা ছাড়া পরবর্তী পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়। আর একাডেমিক কাউন্সিল আহ্বান আমার ক্ষমতার বাইরে।”

উল্লেখ্য, ইউজিসির অনুমোদন ব্যতীত বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য খন্দকার নাসিরউদ্দিন ২০১৭-১৮ শিক্ষাবর্ষ ইতিহাস বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করেন। প্রায় তিন বছর পর গত ৬ ফেব্রুয়ারি বিভাগটিতে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয় ইউজিসি। ইউজিসির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৬ ফেব্রুয়ারি রাত থেকেই প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা এবং ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব গুরুত্বপূর্ণ ভবনে তালা ঝুলিয়ে দেন। বিভাগটিতে তিন ব্যাচে মোট ৪২৪ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন বলে জানা যায়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর