ঢাকার সাভারের পাথালিয়া ইউনিয়নে ২০১৯-২০ ইং অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) ১ম পর্যায়ে সরকারি বরাদ্দ হিসেবে আসা ৩৮ লাখ টাকার রাস্তা মাটি দিয়ে উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। মোট ৬টি প্রকল্পে উক্ত পরিমান সরকারি বরাদ্দ আসে যা দিয়ে কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।
এর আগে, তথ্য অধিকার আইনে সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট তথ্য অধিকার আইনে এসংক্রান্ত তথ্য চাওয়া হয়। প্রাপ্ত তথ্যের সরেজমিন অনুসন্ধানে গিয়ে বিষয়টি জানা যায়। চাকলগ্রাম বেকারী রাস্তা হতে শুকুরের বাড়ী ভায়া মসজিদ পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ স্থানীয় ইউপি সদস্য ফরিদ এর তত্বাবধানে ৮০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে ৪০ দিনে প্রকল্পের কাজ শেষ করে। এই প্রকল্পে ৬ লাখ ৪০ হাজার টাকা সরকারি বরাদ্দ আসে।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বকর এর এর তত্বাবধানে ৮০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে ৪০ দিনে হাটুভাঙ্গা কাঞ্চিরটেক এর রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ সম্পন্ন করে। এই প্রকল্পেও সরকারি বরাদ্দ আসে ৬ লাখ ৪০ হাজার টাকা।
দিয়া বাড়ী হাজী নুরুল হক এর বাড়ী হতে গোয়ালপাড়া পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন এর কাজ ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান এর তত্বাবধানে ৭৫ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে শেষ করে। এই প্রকল্পে বরাদ্দ ছিলো ৬ লাখ টাকা।
মনোহর কার্পেটিং রাস্তা হতে মনোহর আঃ মজিদের বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন এর কাজে সরকারী বরাদ্দ ছিলো ৬ লাখ ৪০ হাজার টাকা। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জহির এর তত্বাবধানে ৮০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে প্রকল্পের কাজ শেষ করে।
বোয়ালিপাড়া মানিকের বাড়ী হতে বড় পুকুর পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজটি ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক এর তত্বাবধানে ৮০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে শেষ করে। ৬ লাখ ৪০ হাজার টাকা সরকারী বরাদ্দ ছিলো এই প্রকল্পটিতে।
চারিগ্রাম এরশাদের বাড়ী হতে হারুনের বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন এবং চারিগ্রাম মেইন রাস্তা হতে কুরগাঁও ফয়সাল হাজীর বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজে সরকারি বরাদ্দ আসে ৬ লাখ ৪০ হাজার টাকা। ইউপি সদস্য সোহাগ এর তত্বাবধানে ৮০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে প্রকল্পের কাজ শেষ করে।
পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান বলেন, ২০১৯-২০ অর্থবছরে ইজিপিপি প্রকল্পের ১ম পর্যায়ে মোট ৬টি রাস্তা মাটি দিয়ে উন্নয়ন এর কাজ শেষ করা হয়েছে। সরকারি বিধি মোতাবেকই রাস্তাগুলির কাজ শেষ করা হয়েছে। সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় প্রকল্পের কাজ চলাকালীন পরিদর্শন করে গেছে বলেও জানান তিনি।
সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পে পাথালিয়া ইউনিয়নে মোট ৬টি প্রকল্পের উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। আমাদের প্রকৌশলী টিম রাস্তার কাজ চলাকালীন নিয়মিত পরিদর্শন করেছেন।
বার্তাবাজার/কেএ