নিয়োগ পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে জাবিতে আবারো বিক্ষোভ

সকল চাকরির নিয়োগ পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগেও শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১২টায় ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল শুরু হয়।

পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় ছাত্ররা আবেদন ফি সহনীয় পর্যায়ে ২০০ টাকার মধ্যে আনার দাবি জানান। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষনা দেন তারা।

কর্মসূচির মুখপাত্র ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী শাকিল উজ জামান বলেন, ‘উন্নত বিশ্বে যেখানে সরকার থেকে বেকারদের ভাতা দেয়া হয় সেখানে আমাদের দেশে চাকুরির পরিক্ষার নামে বেকারদের কাছে থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। অতিরিক্ত আবেদন ফি নির্ধারণ করায় অনেক গরীব শিক্ষার্থীরা চাকরিতে আবেদন করতে পারছে না।তাই অতি দ্রুত সকল পরিক্ষার আবেদন ফি সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ‘ বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়–য়া মেধাবী শিক্ষার্থীদের অধিকাংশই গ্রামের কৃষক ও শ্রমিকদের সন্তান। আবেদন ফি অতিরিক্ত হওয়ায় পড়ালেখা শেষ করেও তারা চাকরির জন্য আবেদন করতে পারছে না। অনতিবিলম্বে বেসরকারি ব্যাংকগুলোর মতো সকল চাকরির আবেদন ফি ফ্রি করতে হবে। তাহলে গরীব মেধাবী শিক্ষার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবে।’

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর