নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘বাংলাদেশে ইসলাম সুরক্ষায় একমাত্র হাতিয়ার হচ্ছেন শেখ হাসিনা। সেটা দেরিতে হলেও হেফাজতে ইসলামীর নেতা আল্লামা শফি বুঝতে পেরেছেন। কারণ শেখ হাসিনা ধর্মকে নিয়ে কখনও রাজনীতি করেন নাই। কিন্তু অনেকেই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে তান্ডব চালিয়েছে।’
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের বোঁচাগঞ্জে হাটরামপুর ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবন ও মোট ১২টি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও ৭টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক-এর উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় বাংলাদেশের মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছিলো। এখন সেই বাংলাদেশই রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে। সারাবিশ্বে বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
হাটরামপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ গর্ভনিং বডির সভাপতি মো. রবিউল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.এস.এম সাহিরুল ইসলাম, বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ প্রমুখ।
এর আগে প্রধান অতিথি ফলক উম্মোচন ও ফিতা কেটে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
বার্তাবাজার/কে.জে.পি