কাস্টমস বন্ড কমিশনারেটের অভিযানের ফুটেজ সংগ্রহকালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টিভি নিউজটোয়েন্টিফোরের দুই সাংবাদিক। পুরান ঢাকার নয়াবাজারে এ হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার শিকার হন বেসরকারি টিভি নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল। এসময় সন্ত্রাসীরা তাদের ব্যাকপ্যাক ও ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায়।

আহত দুই সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার মো. খন্দকার বলেন, কাস্টমস বন্ড কমিশনারেটের অভিযানের ফুটেজ নেয়ার সময় সন্ত্রসীরা ও দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। নিউজটোয়েন্টিফোরের ব্যাকপ্যাক ও ক্যামেরা ছিনতাই এবং গাড়ি ভাঙচুর করা হয়।
বন্ড সুবিধা নিয়ে আমদানি করা পণ্য খোলাবাজারে বিক্রি করে চলছিল কয়েকটি প্রতিষ্ঠান। ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই সকাল থেকে অভিযানে নামে বন্ড কমিশনারেট।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে ফখরুল হাতে গুরুতর ব্যথা পেয়েছেন। দুজনই চিকিৎসাধীন।
বার্তাবাজার/এমকে