রাজশাহী থেকে নাটোর গামী একটি চলন্ত বাসে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে দণ্ড দিয়েছেন নাটোর সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গতরাতে (১০ ফেব্রুয়ারি) নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নাটোর শহরের বলারিপাড়ার স্বপন হোসেনের ছেলে মোহাম্মদ শাওন (৩২) ও একই এলাকার আবদুল হকের ছেলে মনির হোসেন (৩৮)।
ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, স্বামীসহ এক নারী সোমবার রাতে বাসে রাজশাহী থেকে নাটোরে ফিরছিলেন। এসময় গাড়িতে ভিড়ের সুযোগে শাওন নামের এক ব্যক্তি বারবার ওই নারীর শরীর স্পর্শ করেন। শাওনকে সহযোগিতা করেন তার বন্ধু মনির হোসেন। পরে ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ জানালে পুলিশ ও র্যাব বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অবস্থান নেয়। বাসটি বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছলে অভিযুক্ত দু’জনকে আটক করা হয়।
জাহাঙ্গীর আলম আরো জানান, গৃহবধূকে যৌন হয়রানির অপরাধে মোহাম্মদ শাওনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তাকে সহযোগিতা করায় মনির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বার্তাবাজার/এমকে