‘করোনা সংক্রমিত বাংলাদেশির দায়িত্ব নেবে সিঙ্গাপুর সরকার’

এখন পর্যন্ত বাংলাদেশে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তবে সিঙ্গাপুরে চিকিৎসাধীন করোনাভাইরাস সংক্রমিত বাংলাদেশির চিকিৎসার সব দায়-দায়িত্ব বহন করবে সিঙ্গাপুর সরকার। মহাখালীতে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৫৫৪ জন। চীনের বাইরে ১২টি দেশে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো দেশে এ রোগ শনাক্ত হয়নি।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে মহাখালীতে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এসময় আইইডিসিআর পরিচালক করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন।

গতকাল সোমবার সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আক্রান্ত বাংলাদেশির সঙ্গে তার রুমে থাকতেন আরও আটজন। ওই আটজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর যে ডরমেটরিতে তিনি থাকতেন, সেখানকার বাসিন্দাদের কর্মস্থলে না গিয়ে আপাতত রুমে থাকতেই পরামর্শ দেওয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির চিকিৎসা চালিয়ে যাচ্ছে সিঙ্গাপুর সরকার।

গত ৮ ফেব্রুয়ারি ওই বাংলাদেশি করোনাভাইরাসের আক্রান্ত হন বলে নিশ্চিত করেছে সিঙ্গাপুরের বেডোক পলিক্লিনিকের চিকিৎসকরা। নিরাপত্তার স্বার্থে আক্রান্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি বাংলাদেশ হাইকমিশন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর