পঙ্গপালের আক্রমণে ১ কোটি ৩০ লাখ মানুষ খাদ্য সঙ্কটে

পূর্ব আফ্রিকার ফসলের মৌসুমে ব্যাপক মাত্রায় পঙ্গপাল হানা দেয়ায় চরম খাদ্য সংকটে ১ কোটি ৩০ লাখ মানুষ। সেই সাথে ৩০টি দেশে এই পঙ্গপাল ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ৷

সোমবার (১০ ফেব্রুযারি) জাতিসঙ্ঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল পূর্ব আফ্রিকান দেশগুলোতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের আক্রমণে ভয়ানক ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতা চেয়েছেন।

মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সহায়তার সমন্বয়ক মার্ক লুকক জাতিসঙ্ঘের এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত দেশগুলোর এক কোটি ৩০ লাখের বেশি মানুষ এখন মারাত্মক খাদ্য সঙ্কটের মধ্যে রয়েছে। এর মধ্যে এক কোটি লোক পঙ্গপালের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

লুকক জানান, এই সঙ্কটের কারণে তিনি সম্প্রতি এক কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছেন। তিনি বলেন, ‘সহযোগিতার আহবানে দ্রুত সাড়া না দিলে এই বছরের শেষ নাগাদ আমরা ভয়াবহ সঙ্কটের মুখে পড়বো।’

পঙ্গপালের কারণে কেনিয়া, ইথিওপিয়া ও সোমালিয়ায় খাদ্য সরবরাহে ধস নেমেছে।

লুকক আরো জানান, জাতিসঙ্ঘ খাদ্য ও কৃষি সংস্থা (ফাও)-এর হিসাবে জানুয়ারি নাগাদ পঙ্গপাল মোকাবিলায় ৭৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থের প্রয়োজন অথচ আছে মাত্র ২০ মিলিয়ন মার্কিন ডলার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর