কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙালিয়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.আকরাম হোসেনের বিরুদ্ধে স্থানীয় এমপির ডিও লেটার অমান্য করার অভিযোগে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কলেজ মাঠে এ বিক্ষোভ মিছিল করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করেন।
এলাকাবাসী ও কলেজ সূত্রে জানা যায়, ওই কলেজের গভর্ণিং বডির মেয়াদ ৯ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। নতুন কমিটি গঠনের লক্ষে গত ৬জানুয়ারি অভিভাবক সদস্যের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চারজন অভিভাবক সদস্য, একজন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, একজন দাতা সদস্য ও তিনজন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়। ওই কমিটির সভাপতি পদে অ্যাডভোকেট এএফএম উবায়দুল্লাহকে নিয়োগ দেওয়ার জন্য অধ্যক্ষের কাছে স্থানীয় সংসদ সদস্য একটি ডিও লেটার দেন। কিন্তু কলেজের অধ্যক্ষ মো.আকরাম হোসেন এমপির ডিও লেটারকে পাশ কাটিয়ে তাঁর পছন্দের লোককে সভাপতি পদে নিয়োগ দেওয়ার জন্য পায়তারা চালায়। এমন খবর পেয়ে সোমবার দুপুর ১২টার দিকে এলাকার শতাধিক লোক ক্ষুব্দ হয়ে কলেজ চত্বরে উপস্থিত হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করে। এসময় উত্তেজিত এলাকাবাসী অধ্যক্ষকে অবরোধ করে এমপির পছন্দের প্রার্থীকে সভাপতি বানানোর দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে জাঙালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার শামীম আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এমপির মনোনীত প্রার্থীকেই সভাপতি করা হবে এমন আশ্বাস দিলে উত্তেজিত লোকজন শান্ত হয়ে ফিরে যান।
জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ বলেন, এমপির ডিও লেটারকে অমান্য করে অধ্যক্ষের পছন্দের লোককে সভাপতি করা হচ্ছে এমন খবরে এলাকাবাসী অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে এমপির পছন্দের লোককেই সভাপতি করা হবে এমন আশ্বাস দিলে উত্তেজিত লোকজন শান্ত হয়ে ফিরে যান।
জাঙালিয়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.আকরাম হোসেন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মাননীয় সংসদ সদস্যের মনোনীত ব্যক্তির নাম সভাপতি পদে রেখেই কমিটি অনুমোদনের জন্য বোর্ডে পাঠানো হয়েছে। কিন্তু কতিপয় লোক এলাকাবাসীকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে দিয়েছে।
-মানবজমিন
বার্তা বাজার/এস.আর