সেন্টমার্টিনে ট্রলারডুবি: ১৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সাগরে ভাসমান অবস্থায় ১৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এছাড়া জীবিত উদ্ধার করা হয় আরও ৫৭ জনকে। এখন পর্যন্ত ১০ জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।

নৌবাহিনর কর্মকর্তারা জানান, ভোরে ৮০ জনের মতো রোহিঙ্গাকে নিয়ে বোটটি মালয়েশিয়ার দিকে যাত্রা করে। কিন্তু সকাল ৮টার দিকে সেন্টমাটিন ক্রস করে ছেঁড়াদ্বীপের কাছে গিয়ে বোটটি ডুবে যায়।

সকাল সোয়া ৮টায় নৌ বাহিনী জাহাজ ট্রলারডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। সাড়ে ৮টার মধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেন। প্রথমে তারা ভাসমান অবস্থায় ৪০ জনকে উদ্ধার করে তাদের জাহাজে তুলে নেন। এরপর পাওয়া যায় ১০ জনের মৃতদেহ। পরবর্তীতে আরো ১৭ জনকে জীবিত এবং ৩ জনের মৃতদেহ পাওয়া যায় সাগরে।

সেন্টমাটিন কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট নাঈম জানান, ছেঁড়াদ্বীপের কাছে ভোরে একটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: সময় টিভি

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর