করোনাভাইরাস ইস্যুতে নজরদারিতে পাঁচ বাংলাদেশি

করোনাভাইরাস ইস্যুতে ৫ বাংলাদেশিকে নজরদারিতে রেখেছে স্বাস্থ্য অধিদফতর। সম্প্রতি এক চীনা নাগরিকের সাথে ভ্রমণ করায় তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। বাংলাদেশ থেকে ফেরা ওই চীনা নাগরিকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে সম্প্রতি। নজরদারিতে রাখা বাংলাদেশিরা চট্টগ্রাম, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।

সম্প্রতি থাই লায়ন নামক একটি ফ্লাইটের যাত্রী ছিলেন নজরদারিতে থাকা বাংলাদেশিরা। একই ফ্লাইটে তাদের খুব কাছাকাছি বসেছেন ওই চীনা নাগরিক। দেশে ফেরার পর ওই চীনা নাগরিকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির অধীনে ইতোমধ্যে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনসের (আইএইচআর) আওতায় ১৫৫টি দেশ সমন্বিতভাবে কাজ করছে।

আইএচআর’র সদস্যভুক্ত কোন দেশে করোনায় আক্রান্ত রোগী ধরা পড়লে ওই ব্যক্তি অন্য দেশে ভ্রমণ করে থাকলে তার সামনে পিছনের দুই সারিতে কারা ছিলেন, তাদের তথ্য উপাত্ত সংগ্রহ করে বিভিন্ন দেশের ফোকাল পয়েন্টের কাছে পাঠানো হয়।

এই প্রক্রিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৯শে জানুয়ারি করোনা আক্রান্ত একজন চীনা নাগরিকের সঙ্গে একই ফ্লাইটে ৫ বাংলাদেশি ভ্রহণ করেছিলেন এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরে অবহিত করেছেন।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, ওই ফ্লাইটে ভ্রমণকারী ৫ বাংলাদেশির নাম-ঠিকানা, মোবাইল নম্বরসহ বিস্তারিত ছিল। ইতিমধ্যেই রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইসস্টিটিউট (আইইডিসিআর) কর্মকর্তারা ওই ব্যক্তিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেছেন। তাদের কিছু পরামর্শ দিয়েছেন এবং আইইডিসিআর কর্মকর্তারা ওই পাঁচজনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠাতে সংশ্লিষ্ট এলাকায় কর্মকর্তা পাঠিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রনালয়ের এই কর্মকর্তা আরো জানান, সন্দেহভাজন পাঁচ ব্যক্তি এখন পর্যন্ত বাড়িতে ভালো আছেন বলে তারা জানতে পেরেছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর