ধলেশ্বরী নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীতে হঠাৎ ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের দেখা মিলছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল থেকে বালুচর ইউনিয়নের চাদের চর গ্রামে ধলেশ্বরী নদীর পাড়ে ছিল শত শত উৎসুক জনগণের উপচেপড়া ভিড়। কেউ মাছ ধরছে কেউ নদীর পারে দাঁড়িয়ে নদীতে নারী পুরুষের মাছ ধরা দেখছে।

সরজমিনে গিয়ে দেখা যায় শিশু থেকে শুরু করে বয়স্ক নারী-পুরুষ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরায় ব্যস্ত। কেউ পানিতে হাত ডুবিয়ে আবার কেউ কেউ ঝাঁকি জাল. পাইন জাল ও মইয়া জাল দিয়ে মাছ ধরছে।

সবমিলিয়ে প্রায় লাখ টাকারও বেশী মূল্যের মাছ ধরা হয়েছে বলে জানান এক মাছ বিক্রেতা। বড় বড় টেংরা, চিংড়ি, পুঁটি, বাঘাইর, আইড়, চাপিলা, কাতলা, সরপুঁটিসহ আরো অনেক ধরনের মাছ ধলেশ্বরী নদীর কিনারায় ভেসে উঠায় স্থানীয় এলাকার গরীব দুঃখী মানুষের চোখ মুখ ছিলো আনন্দের ছাপ। যারা দেশীয় এই মূল্যবান মাছ ক্রয় করতে পারেনা তারা এক কেজি থেকে শুরু করে একেকজন ৫ কেজি পর্যন্ত মাছ ধরেছে।

সিরাজদিখান উপজেলার মৎস অফিস সুত্রে জানা যায়, ধলেশ্বরী নদীর মাছ অন্যান্য নদীর মাছের তুলনায় সুস্বাদু এবং মূল্য অনেক বেশি ।তবে হঠাৎ করে এভাবে নদীর কিনার মাছ ভেসে উঠার ঘটনা বিরল।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা যুধিষ্ঠি রঞ্জন পাল বলেন, ‘হঠাৎ করে ধলেশ্বরী নদীর মাছ জীবিত অবস্থায় কিনারায় ভেসে উঠা মানে পানিতে পচন জাতীয় কিছু একটা হয়েছে যার কারনে মাছের এই ভেসে উঠা। যেখানটায় মাছ ধরা দিয়েছে সেখানের আশপাশে যেহেতু কোন কল কারখানার বর্জ্য নিষ্কাশন আশঙ্কা নাই তাহলে কেন এমন হলো সেটাই দেখার বিষয়।’

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর