ধর্ষণ মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান শারুদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার রাজশাহী মেট্রোপলিটন হাকিম আদালত-৫ এর বিচারক সেলিম রেজা এ আদেশ দেন। এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় শারুদসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃত বাকি আসামিরা হলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের রাফসান আহমেদ, প্লাবন তালুকদার, কাজলা এলাকার জীবন ও তারেক মাহমুদ জয়। তবে ঘটনায় জড়িত একজন পলাতক রয়েছে।
নগরীর মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত বাকি ৪ আসামি কারাগারে রয়েছে বলে জানান তিনি।
মামলা সূত্রে জানা যায়, কয়েক মাস আগে শারুদ ও ভুক্তভোগীর মধ্যে বন্ধুত্ব হয়। ২৪ জানুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে গল্প করার কথা বলে শারুদ তার বান্ধবীকে কাজলা সাঁকপাড়া এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন প্লাবন। তারা যাওয়ার পর প্লাবন বাইরে চলে যায়। এসময় তাকে জোরপূর্বক ধর্ষণ করেন শারুদ। এমনকি পূর্বপরিকল্পিতভাবে কৌশলে শারুদের বন্ধু বরেন্দ্র বিশ্ববিদ্যায়ের আইন পড়ুয়া প্লাবন সরকার, রাফসান; কাজলা এলাকার জয়, জীবন ও বিশাল মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে।’
ধর্ষণের পর ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে তারা। পরে টাকা না দিলে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে গভীর রাতে তাকে ছেড়ে দেয়া হয়। পুরো ঘটনাটি পরিবারের কাছে জানালে ২৭ জানুয়ারি দুপুরে মা-বাবার সঙ্গে মতিহার থানায় যান ভুক্তভোগী। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ছয় জনকে আসামী করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
বার্তা বাজার / ডব্লিও.এস