নওগাঁর আত্রাইয়ে আরিফুল ইসলাম (৩৭) নামে এক মাছ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার রাতের কোন এক সময় উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকের ছেলে। সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ঘটনাস্থল পরিরদর্শন করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম ব্যবসার কাজে পরিবারসহ আত্রাই সদরে থাকেন। সাংসারিক প্রয়োজনে তিনি একা রোববার বিকেলে নিজ গ্রাম উপজেলার বাঁকাগ্রামে আসেন। রাত ১০ টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
পাশের ঘরে তার চাচা রেজাউল ইসলাম ও চাচি ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে চাচা রেজাউল ইসলাম তার ভাতিজা আরিফুল ইসলামকে নামাজ পড়ার জন্য ডাকতে গেলে দরজা খুলা দেখতে পান। তিনি ঘরের ভেতরে গিয়ে দেখেন ভাতিজা গলাকাটা অবস্থায় পড়ে আছেন এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে থানা পুলিশকে সংবাদ দেয়া হয়।
ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানবক্স বলেন, ব্যবসার জন্য আরিফুল ইসলাম আত্রাই সদরে থাকতেন। শুনেছি ইরো-বোরো রোপনের জন্য জমিতে পানি দেয়ার জন্য রোববার বাড়িতে আসছেন। রাতের মধ্যে দূর্বত্তরা তাকে হত্যা করেছে। তবে ব্যবসা সংক্রান্ত জেরে এ হত্যা কান্ড হতে পারে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার পিছনে ও বুকসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। লাশের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিকেল ৩ টা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে বিষয়টি গভীর ভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারী রাতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকপারগুড়নই গ্রামে মৃত আলহাজ্ব মজিবর ফৌজদারের ছেলে হেলাল ফৌজদার অরুফে রাসেল (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বার্তাবাজার/এমকে