ক্ষোভ ও রাগের জের ধরেই খুন করা হয়েছে নুরুল আজমকে

ক্ষোভ ও রাগের জের ধরেই খুন করা হয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলার মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক উপ পরিদর্শক একেএম নুরুল আজম চৌধুরীকে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) ভোরে নুরুল আজম হত্যার ঘটনায় র‍্যাবের হাতে গ্রেফতার আসামী সোহরাব হোসেন সাদিচ (২৬) র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য দেন। সোমবার ভোরে রাউজানের পথেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কিরিচ ও রক্তমাখা জামা উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে চান্দগাঁওয়ে র‌্যাব-৭ সিপিসি-৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, মূলত ক্ষোভ, রাগ ও অভিমানের কারণেই একেএম নুরুল আজম চৌধুরীকে খুন করে সোহরাব। সোহরাবকে নিয়ে বিভিন্ন সময় নানান ঠাট্টা ও ব্যঙ্গ-বিদ্রুপ করতেন নুরুল আজম। এতে সোহরাবের মনে তীব্র ক্ষোভ ও চাপ লাগা সৃষ্টি হয়। যার দরুন সে তার গত পাঁচ মাস ধরে নুরুল আজমকে হত্যার পরিকল্পনা করছিল।

তিনি আরো বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার ভোরে রাউজান পথের হাট এলাকা হতে আসামি সোহরাবকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, মূলত দীর্ঘদিনের ক্ষোভ থেকে নুরুল আজমকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের শিকার নুরুল আজমের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল হত্যাকারী সোহরাবের। নুরুল আজমের দোকানে নিয়মিত আসতো সে। কিন্তু নুরুল আজমের ঠাট্টা বিদ্রুপে সোহরাব ভিতরে ভিতরে ক্ষোভ পুষতে থাকে। যার দরুন সে নুরুল আজমকে নৃশংসভাবে হত্যা করে।

তারেক আজিজ বলেন, সোহরাবের দেওয়া তথ্যগুলো কতটা সত্য তা যাচাই-বাছাই করবে তদন্তকারী কর্মকর্তা। এর বাইরে হত্যার অন্য কোন কারণ ও কোন পক্ষ জড়িত আছে কিনা তা সহ বিশেষ সতর্কতার সাথে খতিয়ে দেখবে র‍্যাব।

উল্লেখ্য, গত শনিবার বেলা ১২টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামে একটি প্রাথমিক স্কুলের পাশের ডোবা থেকে এ কে এম নুরুল আজম চৌধুরী (৬৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করার কথা জানায় পুলিশ।

লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছিল, নুরুল আজমের হাতের কব্জি ও মাথা বিচ্ছিন্ন ছিল। নিহত নুরুল আজম চৌধুরী পুলিশের সাবেক উপ-পরিদর্শক এবং মুক্তিযোদ্ধা বলে জানিয়েছে র‌্যাব।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর