চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

চট্টগ্রামের আগ্রাবাদ মোগলটুলি এলাকায় ঘটেছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। আহত হয়েছেন তিনজন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মোগলটুলি এলাকার আর.বি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সংলগ্ন একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতে ৩ জন দগ্ধ হয়েছেন।

বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন সদরঘাট থানাধীন কমার্স কলেজ রোডের কাটা বট গাছ এলাকার মৃত আমির হোসেন ভুইয়ার ছেলে শাহাদাত ভূঁইয়া (৫৫), চৌমুহনীর মতিয়ার পুল এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ মিজান (৩৮) এবং কাটা বটগাছ এলাকার জমির উদ্দিন লেনের মৃত আব্দুল হাইয়ের ছেলে গোলাম মাওলা (৫০)।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। সিলিন্ডার বিস্ফোরণের খবর পেলেও ঘটনাস্থলে সিলিন্ডারের পাইপ ব্যতীত কোন সিলিন্ডার পাওয়া যায়নি।

অন্য দিকে বিস্ফোরণে আহতদের আত্মীয় স্বজনের দাবি ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দরুনই এ দুর্ঘটনা ঘটেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বলেন, বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত চলছে। সুনির্দিষ্ট তদন্ত শেষে নির্দিষ্ট করে বিস্ফোরণের কারণ ও বিস্ফোরণের জন্য কেহ দায়ী কিনা তা বলা যাবে।

চমেক সূত্রে জানা যায়, বিস্ফোরণে আহত তিন জনের মধ্যে গোলাম মাওলার অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি ভিত্তিতে তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর