শিক্ষিকাকে পিটালেন আওয়ামী লীগ নেতা

বগুড়ার ধুনটে এক শিক্ষিকাকে পিটিয়ে আহত করার মতন গুরুতর অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আকবর আলী ধুনট উপজেলার  মথুরাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সে শ্যামগাতী গ্রামের আবু বক্কার সরকারের ছেলে।

ঘটনার শিকার রেখা খাতুন উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের স্কুল শিক্ষক আবু সাইদের স্ত্রী। তিনি ভাদাইলহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এ ঘটনায় রেখা খাতুন বাদী হয়ে গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি)  রাত ১০টার দিকে আওয়ামী লীগ নেতা আকবর আলীসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

জানা যায়, উপজেলার শ্যামগাতী গ্রামের আবু বক্কার সরকারের ছেলে আকবর আলী মথুরাপুর ইউনিয়নের ৩ নম্বর  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার সঙ্গে স্কুলশিক্ষিকা রেখা খাতুনের স্বামী আবু সাইদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। পিরহাটি গ্রামে আবু সাইদের বাড়ির রাস্তা অবৈধভাবে দখল নিয়ে রবিবার দুপুরের দিকে সেখানে  ঘর নির্মাণ করছিলেন আকবর আলী। এতে বাধা দেন রেখা খাতুন। এ সময় ক্ষুব্ধ হয়ে আকবর আলী ও তার লোকজন রেখা খাতুনকে পিটিয়ে জখম করেন। চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে রেখাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় রেখা খাতুন বাদী হয়ে রাতেই আকবর আলী ও তার ছেলেসহ তিনজনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন।

এদিকে, থানা থেকে অভিযোগ তুলের নেওয়ার জন্য আওয়ামী লীগ নেতা আকবর আলী শিক্ষক দম্পতিকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ঘটনার শিকার পরিবারটি।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আকবর আলী বলেন, ‘আমি আমার নিজের সীমানায় পাকা ঘর নির্মাণের কাজ করছিলাম। কিন্তু শিক্ষিকা রেখা অবৈধভাবে বাধা দেওয়ার একপর্যায়ে তার সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। অথচ থানায় আমার বিরুদ্ধে শিক্ষিকাকে পেটানোর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে’ বলে জানান ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। 

 

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর