চীন ফেরত আরেকজন শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তার নাম আলামিন, বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে চলবলা মদনপুরে। তিনি ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ঔই শিক্ষার্থীকে স্থানান্তর করে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
রবিবার রাত ১১টা ৫৫মিনিটে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতেই তাকে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। রমেক হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক নারায়ণ চন্দ্র।
সহযোগী অধ্যাপক নারায়ণ চন্দ্র জানান, চীনফেরত চিকিৎসাধীন আলামিনকে আইইডিসিআর ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। রবিবার সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। রাত ১০টায় তিনি তার নিজ বাড়ি কালীগঞ্জে যাওয়ার পর বমি এবং শারীরিক দুর্বলতার কবলে পড়েন। এরপর দ্রুত তাকে রমেক হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্তাবাজার/এমকে