সূতিপাড়া ইউনিয়নে ইজিপিপি প্রকল্পে ১৪ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজ

ঢাকার ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নে ২০১৯-২০ ইং অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) ১ম পর্যায়ে সরকারি বরাদ্দের ১৪ লাখ ৪৮ হাজার টাকার মাটির রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সরেজমিন অনুসন্ধানে গিয়ে বিষয়টি জানা যায়।

এর আগে, তথ্য অধিকার আইনে ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট এব্যাপারে তথ্য চাওয়া হয়েছিলো। প্রাপ্ত তথ্যের যাচাই-বাছাই কালে বিষয়টি সামনে আসে।

প্রসঙ্গত, এই অর্থবছরে সূতিপাড়া ইউনিয়নে মোট ৫টি প্রকল্পে সরকারী বরাদ্দ আসে। প্রকল্পগুলো হলো-
দক্ষিণ বাথুলি আক্তারের বাড়ি হতে দক্ষিণ বাথুলি কবরস্থান পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ। এই প্রকল্পে সরকারি বরাদ্দের পরিমাণ ২ লাখ ৪০ হাজার টাকা। ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খোরশেদ আলম এর তত্বাবধানে ৩০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে প্রকল্পের কাজ শেষ করে।

বালিথা দক্ষিণপাড়া ছোরহাব এর বাড়ি হতে মজিবরের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মান কাজটি ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন এর তত্বাবধানে ৩৩ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে প্রকল্পের কাজ শেষ করে। এই প্রকল্পে সরকারি বরাদ্দের পরিমাণ ২ লাখ ৬৪ হাজার টাকা।

৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাবুল আক্তার এর তত্বাবধানে ৩৩ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে ভাটারখোলা সাখাওয়াতের বাড়ি হতে ভাটারখোলা ফনিন্দ্র সরকারের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মান কাজ শেষ করে। এই প্রকল্পে সরকারি বরাদ্দের পরিমাণ ২ লাখ ৬৪ হাজার টাকা।

শ্রীরামপুর উত্তরপাড়া মসজিদ হতে ইন্তাজের বাড়ি পর্যন্ত এবং দুলালের বাড়ি হতে শ্রীরামপুর বাহারের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মান কাজটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সবজাল হোসেন এর তত্বাবধানে সম্পন্ন হয়। ৩৫ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে প্রকল্পের কাজ শেষ করে। এই প্রকল্পে সরকারি বরাদ্দের পরিমাণ ২ লাখ ৮০ হাজার টাকা।

কালামপুর কাশেম আলীর বাড়ি হতে কালামপুর বাচ্চুর বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ কাজটি ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল হানিফ এর তত্বাবধানে সম্পন্ন হয়। ৫০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে প্রকল্পটির কাজ শেষ করে। এই প্রকল্পে ৪ লাখ টাকা সরকারি বরাদ্দ হিসেবে আসে।

এব্যাপারে, সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা জানান, মাত্র ২০০ টাকায় শ্রমিক পাওয়া দুস্কর হলেও এই অর্থবছরে আমরা মোট ৫টি প্রকল্পের রাস্তা নির্মাণের কাজ নিয়ম মেনেই শেষ করেছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিজেও প্রকল্প পরিদর্শন করে গেছেন।

ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এব্যাপারে জানান, সরকারি বিধি মেনেই ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের ১ম পর্যায়ের ৫টি রাস্তার উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর