ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ কক্ষ থেকে চৈতি (১৫) নামের এক পোশাক শ্রমিক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার নতুন ডেন্ডাবর এলাকার আকাশ হোসেনের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত চৈতি বগুড়া জেলার শেরপুর সদর থানার পাকুরিয়া গ্রামের হাসমত আলীর মেয়ে। সে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় পরিবারের সাথে থেকে স্থানীয় এসআর নামে একটি পোশাক কারখানায় অপারেটর পদে কাজ করতেন বলে জানা যায়।
নিহতের বাবা হাসমত আলীর বরাত দিয়ে পুলিশ জানায়, স্ত্রী ও দুই সন্তানসহ তিনি পরিবার নিয়ে অভাবের তাড়নায় জীবিকার তাগিদে দুই বছর পূর্বে এই এলাকায় আসেন। বয়স কম হওয়া সত্বেও সন্তানদের চাকরি নিয়ে দেন।
এরপর গতকাল (রবিবার) সন্ধ্যায় কারখানা থেকে ফিরে তার মেয়ে চৈতি বাসায় ফিরে সাংসারিক কাজ করছিলো। পরে তিনি বাইরে চলে গেলে রাতে তার মেয়ে আত্মহত্যা করেছে প্রতিবেশীরা তাকে মুঠোফোনে জানান। পরে ছুটে এসে কক্ষের দরজা ভেতর থেকে আটকানো অবস্থায় মেয়েকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, রাতেই নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ওই কিশোরী আত্মহত্যা করেছে ধারণা করা হচ্ছে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এমকে