প্রতারকের খপ্পরে পরে ৫ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন আলোচিত ডেইজি সারোয়ার

সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডেইজি সারোয়ার এবং আরও ৩ জন কাউন্সিলর প্রার্থীকে নির্বাচনে জিতিয়ে দেয়ার প্রলোভন দিয়েছিল একটি চক্র। ম্যাজিস্ট্রেট ও ওসি’র পরিচয় দিয়ে চক্রটি লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে।

প্রতারিত প্রার্থীরা মোহাম্মদপুর ও আদাবর থানায় মামলা করায় মামলার তদন্তে প্রতারক চক্রের সাথে জড়িতদের নাম উঠে আসে। গত শনিবার প্রতারক পলাশ ইসলাম ও তার সঙ্গী সাইদুল ইসলাম বিপ্লবকে হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তাদের হাত থেকে ১২০০ ইউএস ডলার, ব্যাংকের চেক, নগদ ৪০ হাজার টাকা,২৯টি সিম কার্ড ও মোবাইল উদ্ধার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব বিজয় তালুকদার বলেন, ২৪ জানুয়ারি ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলেয়া সারোয়ার ডেইজিকে মোহাম্মদপুর থানার ওসি’র নম্বর থেকে ফোন দেওয়া হয়। তার কাছেও প্রচুর টাকা দাবি করে প্রতারকরা। তিনিও ৫ লাখ টাকা দেন। পরে দ্বিতীয় দফায় আবার টাকা চাইলে সবাই প্রার্থী বুঝতে পারেন, তারা প্রতারিত হয়েছেন।

এরপর তারা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। তিনজনই এ ঘটনায় আলাদাভাবে মামলা করেন।

পুলিশ কর্মকর্তা বিপ্লব জানান, প্রায় ১৫ দিন পর পুলিশ চক্রটির দুজনকে গ্রেফতার করে। চক্রটি বিশেষ দুটি অ্যাপসের মাধ্যমে ২০১৭ সাল থেকে পুলিশসহ বিভিন্ন কর্মকর্তার মোবাইল নম্বর স্পুফিং করে প্রায় হাজারখানেক প্রতারণা করেছে।

তাদের বিষয়ে আরও অনুসন্ধান করা হচ্ছে বলেও তিনি জানান।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর