রেলে ১২ বছর চাকরি করেই গড়ে তুলেছেন অঢেল সম্পদ

চট্রগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী মহা-ব্যবস্থাপক জোবেদা আক্তার। রেলওয়েতে তার চাকরির বয়স মাত্র ১২ বছর। এরই মধ্যে তিনি গড়ে তুলেছেন বিপুল সম্পদ। চট্টগ্রামের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে কোটি টাকার কাছাকাছি। শুধু তাই নয়, ঠিকাদারের সঙ্গে যোগসাজশে কোটি টাকার মূল্যের রেলওয়ে ১২০টি সিসি ক্যামেরা প্রকল্পে নিম্নমানের ক্যামেরা কিনে হাতিয়ে নিয়েছেন প্রায় অর্ধ কোটি টাকা।

শুধু একটি অভিযোগ নয়, একাধিক অভিযোগ রয়েছে জোবেদা আক্তারের বিরুদ্ধে।

মোটা অংকের আর্থিক লেনদেন করে রেলওয়ে পূর্বাঞ্চল থেকে ৮৬৩ জনকে খালাসী পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২। এতেও অভিযুক্ত জোবেদা আক্তার। তার বিরুদ্ধে খালাসী নিয়োগ দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বর্তমানে তদন্ত করছে দুদক।

চলতি বছরের গত ৪ জানুয়ারি জোবেদা আক্তারকে খালাসি নিয়োগে অনিয়মের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন। সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৮ সালের রেলওয়ে ট্রাফিক বিভাগের ট্রেনিং অফিসার হিসেবে নিয়োগ পান জোবেদা আক্তার। চাকরির ১২ বছরের মাথায় নামে-বেনামে অঢেল সম্পদ ও বিশাল ব্যাংক ব্যালেন্স গড়ে তুলেছেন এই জোবেদা আক্তার। চট্টগ্রামের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে প্রায় ৮৪ লাখ টাকা, নগরের খুলশী এলাকায় একটি আলিশান ফ্ল্যাট, টিএম ট্রেডার্স নামীয় ঠিকাদার প্রতিষ্ঠানে তার রয়েছে ২৫% শেয়ার ও ৮০ লাখ টাকা মূল্যের ৪টি হাইয়েস গাড়িসহ ঢাকা জেলায় জারা এপারেলস নামের একটি গার্মেন্টসেও তিনি শেয়ার কেনেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া ২০১৯-২০২০ অর্থবছরে হালিশহর রেলওয়ে ট্রেনিং একাডেমিতে এক কোটি টাকার ১২০টি সিসি ক্যামেরা প্রকল্পে ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতেরও অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। ।।চট্রগ্রাম প্রতিদিন।।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর