স্ত্রীকে হত্যার পর দুই কন্যা শিশুকে নিয়ে পলাতক স্বামী!

শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়ার জের ধরে স্বামীর হাতে খুন হতে হলো গৃহবধূ নাহিদা আক্তার সুমিকে (২০)। সুমিকে হত্যার পর দুই কন্যা শিশু আন্নী (৭) ও তুন্নিকে (২) নিয়ে পালিয়েছে স্বামী ও শ্বশুর-শাশুড়ি সবাই।

মীরসরাইয়ে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে স্বামী ওমর ফারুক, শ্বশুর আকতার হোসেনসহ বাড়ির লোকজন পলাতক রয়েছে। জোরারগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

জানা গেছে, ২০১৪ সালে মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের ওমর ফারুকের সঙ্গে একই উপজেলার করেরহাট ইউনিয়নের চত্তরুয়া সরকার তালুর গ্রামের প্রবাসী নুরুল আফছারের মেয়ে নাহিদা সুলতানা সুমির বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ৭ বছর ও ২ বছর বয়সের দুটি মেয়ে রয়েছে। শ্বশুর-শাশুড়ির সঙ্গে বনিবনা না হওয়ায় তারা বেশ কিছুদিন ধরে কদমতলা এলাকার নিজাম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত সুমির মা পপি আক্তার অভিযোগ করেন, বিয়ের পর কয়েক মাস ভালো চললেও পরে বিভিন্ন সময় ঠুকনো কারণে আমার মেয়েকে স্বামী, শ্বশুর, শাশুড়ি মারধর করত। তাদের পারিবারিক কলহ নিয়ে একাধিক বার বৈঠকও হয়েছিল। আমার মেয়ের সঙ্গে শাশুড়ির সঙ্গে ঝগড়ার জের ধরে জামাতা তাকে নিয়ে ভাড়া বাসায় চলে এসেছিল।

সেই ঘটনার জের ধরেই রাতেই তাকে পিটিয়ে হত্যা করে ওমর ফারুক। পরে ভোররাতে নিজের মাইক্রোবাসে করে স্ত্রীকে কমফোর্ট হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা না করে কৌশলে উত্তর দেয়। ঘটনা বুঝতে পেরে মাইক্রোবাস নিয়ে ভোরবেলায় বাসার সামনে এসে স্ত্রীর লাশ গাড়িতেই রেখে দুই কন্যা, বাবা-মাকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়।

সুমির মা অশ্রুসিক্ত নয়নে আরও বলেন, ওরা আমার সুমিকে বাঁচতে দিল না। যারা আমার মেয়েকে মেরেছে আমি তাদের শাস্তি চাই। জোরারগঞ্জ থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে দুপুরে কদমতলা এলাকার নিজাম উদ্দিনের বাড়ি থেকে নিহত নাহিদা আক্তার সুমির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সুমির স্বামী, শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর