চোরা পথে বিক্রি করা ১৬ বস্তা সরকারি পাঠ্যপুস্তক উদ্ধার করা হয়েছে কুড়িগ্রামের উলিপুরে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরে অবস্থিত খাদ্য গুদাম সংলগ্ন ভাঙ্গারী মালামাল ক্রেতা শাহাবুদ্দিনের দোকানের সামনে থেকে ৮০০ কেজি ওজনের বইগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই দোকানের সামনে বইয়ের বস্তাগুলো দেখে স্থানীয়রা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। তিনি তাৎক্ষণিকভাবে ওই স্থানে এসে বইগুলো জব্দ করেন। এসময় বইগুলোর সঙ্গে থাকা আব্দুল রহিম রাকিবুল (৫০) নামে একজনকে আটক করেন।
পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবিন ভ্রাম্যমান আদালত বসিয়ে আব্দুল রহিম রাকিবুলকে ২০০ টাকা জরিমানা এবং বইগুলো বিক্রির ঘটনায় জড়িত উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের নৈশ প্রহরী শহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের নির্দেশ দেন।
আব্দুর রহিম রাকিবুল দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কালাইঘাটি কাজিপাড়া গ্রামের মৃত বশির উদ্দিনের পূত্র বলে জানা গেছে। তাকে জরিমানার অর্থ আদায় করে ছেড়ে দেয়া হয়।
পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব বাদী হয়ে চোরা পথে বই বিক্রির ঘটনার সাথে জড়িত অফিসের নৈশ প্রহরী শহিদুল ইসলামকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব জানান, ২০১৮ ও ২০১৯ সালের মাদ্রাসার বিভিন্ন শ্রেণির বিভিন্ন বিষয়ের বইগুলো অস্থায়ী গুদাম হিসেবে ব্যবহৃত মদিনাতুল উলুম মাদ্রাসার একটি কক্ষে রাখা হয়েছিল।
মামলা রেকর্ডের কথা স্বীকার করে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, আসামি শহিদুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/কেএ