কুড়িগ্রামে সরকারি বই বাজারে বিক্রি, আটক ১

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হেফাজতে থাকা সরকারি বই বাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত একজনকে জরিমানা করেছেন।

ঘটনাটি ঘটেছে, ০৯ ফেব্রুয়ারি, রবিবার পৌর শহরের খাদ্য গোডাউন সংলগ্ন এলাকায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, ২০১৮ ও ২০১৯ সালের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের মাদ্রাসার সরকারি বই অফিস হেফাজতে থাকা মদিনাতুল উলুম মাদ্রাসার গোডাউন থেকে ওই অফিসের নৈশ্য প্রহরী শহিদুল ইসলাম (৪২) গোপনে কালো বাজারে বিক্রয় করে। রবিবার পৌর শহরের সরকারি খাদ্য গুদামের গেট সংলগ্ন জনৈক শাহাবুদ্দিন ওরফে সাহেব আলীর ভাংড়ির দোকানের সামনে থেকে ১৬ বস্তা সরকারি বই জনতা আটক করেন।

সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাঈম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব সহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বইগুলো জব্দ করেন।

এ সময় ভাংড়ির দোকানদার শাহাবুদ্দিনের গোডাউন ঘরে প্রচুর পরিমাণ সরকারি বই থাকায় ঘরটি নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলগালা করেন। পরে উদ্ধারকৃত ১৬ বস্তা বইয়ের সাথে থাকা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কালাইঘাটি কাজিপাড়া গ্রামের বছির উদ্দিনের পুত্র রাখিবুল ইসলাম ওরফে আব্দুর রহিমকে (৫০) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিসেট্রটের কাছে আব্দুর রহিম স্বীকার করেন বইগুলি তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হেফাজতে থাকা মদিনাতুল উলুম মাদ্রাসার গোডাউন থেকে ওই অফিসের নৈশ্য প্রহরী শহিদুল ইসলামের মাধ্যমে নিয়েছেন। সরকারি বই কালো বাজারে বিক্রয়ের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাঈম কবির জানান, সরকারি বই সঙ্গে থাকার কারণে একজনকে জরিমানা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর