জাতীয় সংসদের কার্যক্রমের জন্য নিয়োজিত থাকা সংসদ বাংলাদেশ চ্যানেলটি সম্প্রচার করতে পারছে না। যান্ত্রিক ত্রুটির কারনে আজ (রোববার) সংসদ অধিবেশন সম্প্রচার করতে পারেনি চ্যানেলটি।
রোববার বিকেল সাড়ে ৪টা থেকেই ত্রুটির কারণে সংসদের কার্যক্রম দেখাতে পারছে না চ্যানেল কর্তৃপক্ষ। সংসদ অধিবেশনের পরিবর্তে অন্য অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। প্রতিদিন অধিবেশনের শুরু থেকেই সরকারি এ চ্যানেলটিতে প্রচারিত হয়ে থাকে।
বিকেল সাড়ে ৪টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের ঘোষণা দেন। এরপর সম্পূরক কার্যাবলীতে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম কমিটির রিপোর্ট উত্থাপন করেন।
এরপরই শুরু হয় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা। কিন্তু অধিবেশনের সবটা সময়জুড়ে সংসদ টিভিতে শিল্পী সামিনা চৌধুরী, রফিকুল ইসলাম ও মখলেছুল ইসলাম নীলুর গান চলছিল।
সংসদ টেলিভিশনের মহাপরিচালক অশোক দেবনাথ গণমাধ্যমকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হয়েছে, ত্রুটি সারাতে ১৫ জন প্রকৌশলী কাজ করছেন।
সংসদ টেলিভিশন সংসদের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে না জানিয়ে তিনি বলেন, বিটিভি থেকে লিংক নিয়ে সংসদ অধিবেশন প্রচার করা হয়। সেখান থেকে লিংক পাওয়া যাচ্ছে না। সে কারণে সংসদ টিভিতে আজকের অধিবেশন সম্প্রচার সম্ভব হচ্ছে না।
বার্তা বাজার / ডব্লিও.এস