সাত খুন মামলা : নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও চাঁদাবাজির সাক্ষ্য গ্রহণ

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও চাঁদাবাজির চার মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণ হয়েছে।

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে সিদ্ধিরগঞ্জ থানায় এসব মামলায় চার ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হয়। এসময় কাঠগাড়ায় নূর হোসেন উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. সালাউদ্দিন সুইট এর সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে গাজীপুর জেলার কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে পুনরায় কড়া নিরাপত্তার মধ্যে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় আদালতপাড়ায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

তিনি আরো জানান, এদিন আদালতে ২০১৪ সালে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা চাঁদাবাজির দুটি, একটি অস্ত্র ও একটি মাদক আইনে নূর হোসেনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এসব মামলায় আদালতে সাক্ষী দিয়েছেন তুষার কান্তি দাস, জহিরুল ইসলাম, অজিত কুমার মিত্র, জসিম উদ্দিন নামে চার ব্যক্তি।

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ব্রাঞ্চ সহকারি জাহাঙ্গীর হোসেন সরকার জানিয়েছেন, নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। এর মধ্যে দায়েরকৃত তিনটি চাঁদাবাজি এবং একটি অস্ত্র মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আগামী ২২ এপ্রিল।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সকাল নয়টার দিকে নূর হোসেনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে পুনরায় গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার দায়ে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এরপর থেকে নূর হোসেন কারাগারে বন্দি রয়েছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর