৪০ হাজার পিস ইয়াবা ও বিদেশি মুদ্রা সহ আটক চার

মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ চার যুবককে আটক করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

রোববার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর ছোটপুল এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক। এছাড়াও তাদের কাছ থেকে ১ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড ও ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

অভিযান পরিচালনাকারী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর ঘটনার বিবৃতিতে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চারজন ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণে ইয়াবা নিয়ে চট্টগ্রাম আসছে। খবর পেয়ে আমরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ এলাকার মেসার্স নজরুল কোম্পানী এন্ড পাম্প লিমিটেড এর সামনে চেকপোস্ট বসিয়ে ৪০ হাজার ইয়াবা ও পাউন্ডসহ ৪ জনকে আটক করি। এছাড়াও তাদের কাছ থেকে পাওয়া যায় ১ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড ও ছয়টি মোবাইল সেট।’

ইয়াবা বহনে ব্যবহৃত দুটি বাইক (সুজুকী জিকসার) চট্ট-মেট্রো-ল-১২-০১৪৬ এবং মোটরসাইকেল চট্ট-মেট্রো-ল-১৪-০৩৯৬ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শরীফপুর এলাকার ১ নম্বর ওয়ার্ড উজির আলী মুন্সি বাড়ীর মোহাম্মদ আব্দুল মান্নানের ছেলে মোজাম্মেল হক (৩০), চট্টগ্রামের মীরসরাই থানার মঘাদিয়া এলাকার ২নম্বর ওয়ার্ড আব্দুল আজিজ বাড়ির মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ নুর নবী (২৪), একই জেলার সন্দীপ থানার কালাপানিয়া এলাকার মোহাম্মদ হুমায়ন কবির ছেলে মোহাম্মদ হাসমত কবির শাকিল (২১), নোয়াখালী জেলার চাটখিল থানার সিংবাহুয়া এলাকার ৮নং ওয়ার্ড আমজাদ মিজির বাড়ীর মোহাম্মদ ইব্রাহিম খলিল ছেলে জাহেদুল ইসলাম রাতুল(২২)। তারা ইতোপূর্বেও মোটরসাইকেল যোগে এভাবে ইয়াবা পাচার করেছিল বলে দাবী পুলিশের।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের আইনে মামলা করা হয়েছে। যার মামলা নম্বর ০৯। এছাড়া বিদেশী মুদ্রা সংরক্ষণ ও পাচারের জন্য সিআইডি আরেকটি মামলা করবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর