সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অধীনে অধিকাংশ বেইলী ব্রিজ পুরাতন ও সরু হলেও ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী ২-৩ বছরের মধ্যে জেলার সকল বেইলী ব্রিজ অপসারণ করে ক্রংক্রিটের ব্রিজ নির্মাণ করা হবে।
জেলার অধিকাংশ বেইলী ব্রিজ সরেজমিনে পরিদর্শন করে জানা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের নলকা এলাকায় স্থাপিত প্রায় ৬০মিটার দীর্ঘ বেইলী ব্রিজের উপর দিয়ে ২০১৬ সালের ডিসেম্বর মাসে পাথর বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ট্রাকটিসহ দেবে যায়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও চালক এবং হেলপার আহত হন।
পরে বেইলী ব্রিজটির দৈর্ঘ্য ও প্রস্থ্য ছোট করে যানচলাচল স্বাভাবিক রাখা হয়। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, জেলায় সড়ক মহাসড়ক রয়েছে মোট ৪৪৭ কিলোমিটার। এরমধ্যে ১০২কিলোমিটার রয়েছে মহাসড়ক। এসব সড়ক মহাসড়কে রয়েছে ১৩টি বেইলী ব্রিজ। এর মধ্যে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলায় বেশী বেইলী ব্রিজ রয়েছে। জেলার ১৩টি বেইলী ব্রিজের মোট দৈর্ঘ্য সাড়ে ৮০০ মিটার। বেইলী ব্রিজগুলোর উপর দিয়ে ১০টনের বেশী ওজন নেয়া যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। তার পরও উপায় না থাকায় এসব ব্রিজের উপর দিয়ে চাউল, পাথর, ইট, কাঠসহ ২০ টনের বেশী পণ্যবোঝাই যানবাহন চলাচল করছে। যে কারণে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন তারা।
ট্রাক চালক শেখ মুসা বলেন, সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কে পাঁচটি বেইলী ব্রিজ রয়েছে। ব্রিজগুলো পুরাতন এবং সরু। কোন বিকল্প পথ বা উপায় না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন বেইলী ব্রিজগুলোর উপর দিয়ে শত শত ট্রাক চলাচল করে। এতে করে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো আশরাফুল ইসলাম প্রামানিক বলেন, বেইলী ব্রিজগুলো অনেক পুরাতন ও সরু হওয়ায় এগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। তাছাড়া, সরু হওয়ায় ব্রিজের একপাশ দিয়ে যানবাহন চললে অপর পাশের যানবাহন পাড় হতে পারে না। পর্যায়ক্রমে ব্রিজগুলো অপসারণ করে ক্রংক্রিটের ব্রিজ নির্মাণ করা হবে। ইতিমধ্যে সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কের পাঁচটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী ২-৩ বছরের মধ্যে জেলার সকল বেইলী ব্রিজ অপসারণ করে সেখানে কংক্রিটের ব্রীজ নির্মাণ করা হবে।
বার্তা বাজার/এসজে