মিথ্যাচারের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইনামুল হাসান এক সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় গোপালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। সম্মেলনে লিখিত বক্তব্যপাঠ করেন ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান।
লিখিত বক্তব্যে তিনি জানান, ‘আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আওয়ামী পরিবারে একনিষ্ঠ সেবক হিসেবে আজঅব্দি দেশ ও জনগণের সেবা করে আসছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে আমি ছাত্রলীগের সকল কর্মকান্ডে সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে নৌকা প্রতীক নিয়ে গত ইউনিয়ন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করি। সরকারের উন্নয়নমূলক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সরকার বিরোধী একটি কুচক্রীমহল আমার এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আসছে।’
তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে দৈনিক পত্রিকা, বিভিন্ন অনলাইন পত্রিকা, ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বানোয়াট বিভিন্ন মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। এই সংবাদ প্রকাশিত হওয়ায় ব্যক্তিগতভাবে আমার, আমার পরিবার এবং আমার ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে আসছে। তাই আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন- গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ওবাইদুর রহমান, ইউপি সদস্য বাকিয়ার রহমান, রেজাউল করীম, সাইফুল ইসলাম বাবর, বিল্লাল মোল্যা, অলিয়ার রহমান, ওয়াহিদুজ্জামান শিকদার, মকিবুল হাসান মক্কা,সংরক্ষিত মহিলা সদস্য নুরি বেগম,স্বপ্না বেগম ও সুফিয়া বেগম প্রমুখ।
লিখিত বক্তব্য পাঠ শেষে ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।