৯ মাসে ৮৩ লাখ টাকা ব্যয় করেছেন ডাকসু নেতারা

২০১৯ এর মার্চে নির্বাচনের পর থেকে ডিসেম্বর পর্যন্ত এই ৯ মাসে বিভিন্ন অনুষ্ঠান ও উদ্যোগের খরচ দেখিয়ে তহবিল থেকে ৮৩ লাখ ৫১ হাজার ৩০৪ টাকা উত্তোলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

এ ছাড়া ৩ লাখ ৬৬ হাজার ৭৩ হাজার টাকা খরচ হয়েছে ডাকসু কার্যালয় ব্যবস্থাপনা খাতে।

গতকাল শনিবার ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভা উপলক্ষে সংগঠনের প্রশাসনিক শাখা থেকে প্রকাশিত হিসাবপত্র সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রশাসনিক শাখা জানায়, ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তহবিল থেকে ১৯ লাখ ৮১ হাজার টাকা, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির ১৩ লাখ ৭১ হাজার ৮৩৪ টাকা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিন ৬ লাখ ৭১ হাজার ৯০০ টাকা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ৭ লাখ ৮২ হাজার ১২০ টাকা, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার ১২ লাখ ৬৫ হাজার টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী ৯ লাখ ৯৯ হাজার টাকা, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান ৫৮ হাজার ৭০০ টাকা উত্তোলন করেছেন।

ডাকসুর বর্তমান কমিটির জন্য গত বছর পাস হওয়া বাজেটের আকার ১ কোটি ৮৯ লাখ টাকা।

ডাকসুর সদস্যদের মধ্যে তহবিল থেকে তানভীর হাসান ৯০ হাজার টাকা, রাকিবুল হাসান ৬১ হাজার ৭০০ টাকা, রাইসা নাসের ৭৪ হাজার ৫০ টাকা, রকিবুল ইসলাম ২ লাখ ২০ হাজার টাকা, মুহা. মাহমুদুল হাসান ৯৪ হাজার ৫০০ টাকা, রফিকুল ইসলাম ৩০ হাজার টাকা, ফরিদা পারভীন ৬১ হাজার ৫০০ টাকা, সাইফুল ইসলাম ১ লাখ টাকা এবং যোশীয় সাংমা তহবিল থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করেছেন।

সদস্যদের জন্য আলাদা কোনো বাজেট ছিল না। এই টাকা তাঁরা তুলেছেন সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর তহবিল থেকে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর