কিশোরগঞ্জ-৫ আসনের এমপির বডিগার্ড হিসেবে পরিচিত ভয়ংকর সন্ত্রাসী ও বাজিতপুর যুবলীগের কথিত নেতা পারভেজকে গ্রেফতার করা হয়েছে। বাজিতপুর থানা পুলিশ শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ।
স্থানীয়রা জানান, চাঁদাবাজি, মাদক ব্যবসা, মোটরসাইকেল চুরি, দখলবাজি ও প্রতারণাসহ এমন কোনো অপরাধ নেই যা করেনি এ পারভেজ। এক সময় মোটরসাইকেল চুরির ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে বাজিতপুর থানায় টানানো অপরাধীদের ছবির সঙ্গে তার ছবিও ছিল। কয়েকটি মামলায় দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানাও ছিল তার বিরুদ্ধে। কিন্তু যুবলীগের লেবাস ধারণ করে স্থানীয় সরকারদলীয় এমপি আফজাল হোসেনের বডিগার্ড বনে যাওয়ায় তার বিরুদ্ধে ভয়ে মুখ খোলার সাহস পায়নি কেউ।
জানা গেছে, সন্ত্রাসী পারভেজ বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম ভাগলপুর গ্রামের আলী আকবরের ছেলে।
বাজিতপুর থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারি বলেন, ১৬ লাখ টাকা চেক জালিয়াতি মামলায় পারভেজের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া আদালতের ৬ মাসের সাজা ও অর্থদণ্ড এবং কিশোরগঞ্জের একটি নারী নির্যাতন মামলায় তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং ছিল। এছাড়া সে পিবিআইর হাতে তদন্তাধীন পিস্তল চুরির মামলায়ও আসামি।
এ বিষয়ে কিশোরগঞ্জ-৫ এমপি আফজাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
বার্তা বাজার/এসজে