আ’লীগ আর কখনোই ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না: ইশরাক

ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ আর কখনোই জনগণের ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারবে না।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ইশরাক বলেন, আপনারা আর কোনদিন ও জনগনের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবেন না।‘সাধারণ জনগনকে বন্দি করে এই বাকশাল বেশি দিন টিকবে না। জনগণ আপনাদের বিপক্ষে চলে গেছে।

ঢাকার দুই সিটি নির্বাচন জাতির সঙ্গে তামাশা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ২০১৮ সালে আমাদের নেত্রীকে কারাবন্দী করে একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে জাতির সঙ্গে তামাশা করেছিল। ভেবেছিলাম আওয়ামী লীগ জনগণের ভাষা বুঝতে পারে অন্তত এবারের সিটি নির্বাচনটা সুষ্ঠু করবে। কিন্তু আমরা দেখেছি ভোট চুরির মাধ্যমে আবারও জাতীর সামনে একটা তামাশার নির্বাচন দিল ক্ষমতাসীনরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর