দিনাজপুরের হাবিপ্রবির মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম শান্তি প্রশ্নপত্র ফাঁস, গুজব ও প্রকাশ্য হত্যার প্রতিবাদে তেঁতুলিয়া থেকে টেকনাফ পদযাত্রার পর এবার দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য ক্যাম্পেইন শুরু করেছেন।
নিজের সাইকেল নিয়ে ছুটে চলেছেন বিভিন্ন বিদ্যালয়ে।
এ তরুন ২০১৯ সাল থেকে পঞ্চগড় জেলার বিভিন্ন হাট-বাজার স্কুল ও কলেজে চালাচ্ছেন দুর্নীতি বিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ ।
তিনি টিফিনের টাকা বাঁচিয়ে ও টিউশনির টাকায় শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় ছুটির দিনে নিজ জেলা পঞ্চগড়ে এ প্রচারণা চালান।
দুর্নীতি বিরোধী ক্যাম্পেইনে শান্তি বলেন, আমাদের সমাজ এবং দেশ ঘুষ ও দূর্নীতি নামক মারাত্মক ব্যাধিতে আক্রান্ত। এই ব্যাধি জাতির উন্নয়নকে পদে পদে বাধাগ্রস্থ করছে। তিনি আরো বলেন, আমরা সম্মিলিত ভাবে দূর্নীতিকে যদি প্রশ্রয় না দেই তাহলে সমাজটাকে পরিশুদ্ধ করা সম্ভব। এ সময় তিনি যেকোনো দুর্নীতির খবর জানাতে দুর্নীতি দমন কমিশনকে টোল ফ্রি ১০৬ নম্বরে ফোন করতে অনুরোধ জানান।
সাইফুল ইসলাম শান্তি ২০১৯ সালে নিজ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ঢাকায় একাই আন্দোলন করেন।
বার্তা বাজে/এসজে