ঘুষ নিয়ে মাদক মামলার আসামিদের ছেড়ে দিল পুলিশ

মাদক মামলার আসামিকে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে জয়পুরহাটের পাঁচবিবি থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন- সদ্য প্রত্যাহার হওয়া পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল আওয়াল এবং থানার বেতার সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবল মুক্তার হোসেন।

পাঁচবিবি থানার ওসি জানান, গত বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে পাঁচবিবি থানার অভিযুক্ত ওই তিন পুলিশ সদস্য আমজাদ হোসেন নামে এক মাদক কারবারিকে এক হাজার ইয়াবাসহ আটক করেন। আমজাদ দিনাজপুরের হাকিমপুর উপজেলার রায়বাগ গ্রামের কোরবান আলীর ছেলে। তাকে আড়াই লাখ টাকায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন একই জেলার নবাবগঞ্জ উপজেলার হাঁসের পাড়া গ্রামের মাফিদুল ইসলাম ও শাকিল হোসেন নামে দুই দালাল। দাবিকৃত টাকার মধ্যে দুই লাখ দেওয়ার পর দালালরা তাদের ভাগ হিসেবে অবশিষ্ট পঞ্চাশ হাজার টাকার জন্য আমজাদকে চাপ দিতে থাকে। আমজাদ বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান। পরে পুলিশ সুপার সালাম কবীর বিষয়টি জেনে প্রাথমিক তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পেয়ে ওই তিন জনকে ক্লোজড করার নির্দেশ দেন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, ‘পাঁচবিবি থানায় কর্মরত ওই তিন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়ে ক্লোজড করা হয়েছে।’

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর