টাঙ্গাইলে কলেজ ছাত্র তানভীর মাহতাব ইশরাককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত তার দুই বন্ধুকে শুক্রবার তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এই দুই বন্ধুর নাম সিহাব ও সাব্বির। তাদের বাড়ি শহরের আশেকপুর এলাকায়। বুধবার ঘটনার পর রাতেই তাদের আটক করে পুলিশ। শুক্রবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। আদালতের বিচারক রুপম কুমার দাস দুইজনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সুত্রে জানা গেছে, হত্যার সাথে কারা কারা জড়িত ছিল ইতিমধ্যে পুলিশ তা জানতে পেরেছে। মাদক সংক্রান্ত ঘটনা নিয়ে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। নিহত ইশরাক ও তার বন্ধুরা নিয়মিত মাদক সেবন করতো। সম্প্রতি মাদক সেবন ও বিক্রয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ইশরাক তার এক বন্ধুকে মারপিট করে। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারই প্রতিশোধ নিতে ইশরাককে তার বন্ধুরা কুপিয়ে হত্যা করে তার লাশ শহীদ স্মৃতি পৌর উদ্যানের পেছনের নজরুল সেনা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে রেখে যায়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া জানান, ঘটনাস্থলের কাছে একটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
বার্তা বাজার/এম.সি