ভারতের পাঞ্জাবের মোহলিতে একটি বহুতল ভবন ভেঙে আটকে রয়েছে বহু মানুষ। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভবনটি। অনেকে ভবনের ভিতর আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে সেদেশের উদ্ধার কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে। ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে জরুরি ভিত্তিতে সেখানে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রাথমিক ভাবে উদ্ধারকাজ চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। গ্যাস কাঁটার দিয়ে রড কেটে উদ্ধারকাজ চালানো হচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে।
পুলিশ জানিয়েছে, খারার-লান্ড্রান রোডের তিন তলা ওই বহুতলের পাশের জমিতে জেসিবি মেশিন দিয়ে কাজ চলছিল। আর তা করার সময়ে আচমকা ঢেবে যায় সম্পূর্ণ বহুতল ভবনটি। এরপর কেউ বুঝে ওঠার আগেই একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
দুর্ঘটনার সময় বহুতলের ভিতরে অনেকে ছিলেন এবং ধ্বংসস্তুপের মধ্যে অনেকেই আটকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা।
বার্তাবাজার/কেএ